ভালুকায় সহকারী রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে একই মঞ্চে প্রার্থীরা
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহকারী রিটার্নিং অফিসার মোঃ ফিরোজ হোসেনের উদ্যোগে একই মঞ্চে দেখা মিলল সকল দলের প্রার্থীদের। এক আনন্দঘন পরিবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ভালুকার আয়োজনে বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ফিরোজ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, এনসিপির প্রার্থী জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মোস্তফা কামাল, ক্যাপ্টেন শাহিন (ভালুকা ক্যাম্প)সহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্টরা।
মতবিনিময় সভায় উপস্থিত প্রার্থীরা বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা ও নিরপেক্ষ আইনশৃঙ্খলা রক্ষার জোর দাবি জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ফিরোজ হোসেন বলেন,“নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন। প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি মেনে চলতে হবে।”
তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভোটকেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
উল্লেখ্য, ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (গণ অধিকার পরিষদ) – ট্রাক প্রতীক,
ফখর উদ্দিন আহমেদ (বিএনপি) – ধানের শীষ প্রতীক, মুহাম্মদ মোর্শেদ আলম (স্বতন্ত্র) – হরিণ প্রতীক, জাহিদুল ইসলাম (এনসিপি) – শাপলাকলি প্রতীক,মোঃ মোস্তফা কামাল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) – হাতপাখা প্রতীক।
গণভোটের প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, লিফলেট বিতরণসহ সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা ও জনবহুল স্থানে ব্যানার-বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
ময়মনসিংহ-১১ (ভালুকা) নির্বাচনী এলাকায় রয়েছে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। মোট ১০৭টি ভোটকেন্দ্রের মধ্যে মহিলা কেন্দ্র ৭টি, পুরুষ কেন্দ্র ৭টি এবং সাধারণ কেন্দ্র ৯৩টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬শ’ ৫৯ জন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































